রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে মানুষের দীর্ঘ সারি। ওই সারির মধ্যে পেতে রাখা হয় চেয়ার, টুল ও ইট। একটি চক্র টিকিট কাটার নামে এগুলো পেতে জায়গা রাখে। পরে টিকিট কেটে কালোবাজারে বিক্রি করে। এমন অভিযোগ পেয়ে গতকাল বুধবার নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বজলুর রশীদ। তাঁর উপস্থিতি টের পেয়ে ওই চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে চেয়ার, টুল ও ইট জব্দ করে রেলওয়ে থানা (জিআরপি) হেফাজতে দেওয়া হয়।
ভুক্তভোগী যাত্রীরা বলেন, সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদের পরের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সৈয়দপুর থেকে ঢাকা, খুলনা, রাজশাহী অভিমুখী চারটি আন্তনগরসহ একাধিক ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। টিকিটের জন্য সারা রাত স্টেশনে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। কাউন্টার খোলে সকাল আটটায়। কয়েকজন যাত্রীর কাছে টিকিট বিক্রি করেই বন্ধ করে দেওয়া হয় কাউন্টার। বাদবাকি টিকিট চলে যায় চেয়ার, টুল ও ইট পেতে রাখা চক্রের কাছে। পরে চক্রের সদস্যরা চড়া দামে ওই টিকিটগুলো কালোবাজারে বিক্রি করে।
ঢাকায় যাওয়ার জন্য আন্তনগর নীলসাগর এক্সপ্রেসের টিকিটের জন্য গত মঙ্গলবার রাতভর কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন ইয়াকুব আলী নামের এক ব্যক্তি। কিন্তু তিনি কাউন্টার থেকে টিকিট পাননি। তিনি বলেন, ‘এ স্টেশন থেকে ঢাকার জন্য ১২০টি আসন বরাদ্দ রয়েছে। আমার সামনে মাত্র ১০ জন ছিলেন। কিন্তু টিকিট পেলাম না। পরে কালোবাজারিদের কাছ থেকে তিন গুণ বেশি দামে টিকিট কিনতে বাধ্য হয়েছি।’
মঙ্গলবার টিকিটের জন্য কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন কলেজছাত্রী অরবিন জামান। তাঁর অভিযোগ, কালোবাজারিরা টিকিট নিয়ে গেছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও ঢাকা ফেরার একটি টিকিটও পাননি।
যাত্রীদের কাছ থেকে অভিযোগ পেয়ে গতকাল দুপুর ১২টার দিকে ইউএনও ওই রেলস্টেশনে অভিযান চালান। তিনি বলেন, ‘একটি চক্র টিকিট বাণিজ্য করছে। তারা যাত্রীদের জিম্মি করে রাখছে। আমরা কোনো কালোবাজারিকে প্রশ্রয় দিতে চাই না। তাদের আইনের আওতায় আনা হবে। এ অভিযান চলবে।’
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান বলেন, টিকিট কালোবাজারিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। তবে তারা অত্যন্ত কূটকৌশলী। ফলে তাদের চিহ্নিত করা যাচ্ছে না।