ইউএনওকে পেটানোর ঘটনায় মামলা, দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরহাদ হোসেনসহ চার কর্মকর্তা-কর্মচারীকে পেটানোর ঘটনায় মামলা হয়েছে। দুই যুবলীগ কর্মীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই উপজেলায় অবৈধভাবে নিয়োগ পাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৯ জন দপ্তরি কাম নৈশপ্রহরীর বেতন ছাড় করা নিয়ে গত বুধবার ইউএনওর কার্যালয়ে হামলা ও কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ইউএনও কার্যালয়ের অফিস সুপারিনটেনডেন্ট (ওএস) আবদুর রহমান বাদী হয়ে বুধবার ওই মামলা করেন। ওই রাতেই আবদুল মান্নান ও আলম মিয়া নামের দুই যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়।
হামলার নেপথ্য কারণ: ইউএনও, উপজেলা শিক্ষা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওই নৈশপ্রহরীদের নিয়োগ দেওয়া নিয়ে অনেক আগে থেকেই বিতর্ক চলছে। এ নিয়ে সাবেক সাংসদকে ধাওয়া ও সাবেক শিক্ষা কর্মকর্তাকে গণধোলাই দেওয়ার মতো ঘটনাও ঘটে। গণমাধ্যমে একাধিকবার প্রকাশিত হয়েছে প্রতিবেদন।
হামলার কারণ নিয়ে রংপুর সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ইউএনও ফরহাদ হোসেন গতকাল বৃহস্পতিবার বলেন, বিদেশে শিক্ষা ছুটি কাটিয়ে বুধবার কাজে যোগ দেন তিনি। কার্যালয়ে বসার কিছু পরই অতর্কিতে হামলার শিকার হন। তাঁর অভিযোগ, অনিয়মের মাধ্যমে নিয়োগ হওয়ায় গত মার্চ থেকে বন্ধ আছে নৈশপ্রহরীদের বেতন। এই বেতন ছাড়ের জন্য বুধবার শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ব্যাংকে বিলের কাগজ জমা দেন এবং তাঁর (ইউএনও) নির্দেশে এগুলো জমা দেওয়া হয়েছে বলে খবর ছড়ানো হয়। এরপরই ওই হামলা-ভাঙচুর চালানো হয়। বেতন ছাড়ের মৌখিক নির্দেশ দিতে শিক্ষা কর্মকর্তা একাধিকবার তাঁকে ঘুষের প্রস্তাব দেন বলেও অভিযোগ করেন তিনি।
তবে শিক্ষা কর্মকর্তা বলেন, তিনি ইউএনওকে টাকার কোনো প্রস্তাব দেননি। সম্প্রতি শিক্ষা কমিটির সিদ্ধান্ত ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের নির্দেশেই অর্থ ছাড়ের বিল জমা দেওয়া হয়।