ইউএনওকে প্রত্যাহারের দাবি চেয়ারম্যানদের
চেয়ারম্যান সম্পর্কে কটুক্তি ও অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাশহুদুল কবীরকে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। গত রোববার উপজেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা শেষে রাজনগর উপজেলার আট চেয়ারম্যান এই দাবি জানান। চেয়ারম্যানরা জানান, তাঁরা ওই ইউএনওর সভাপতিত্বে কোনো সভায় অংশ নেবেন না। ইউএনওকে প্রত্যাহারের দাবিতে সিলেটের বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরেও লিখিত দেওয়া হবে। রাজনগর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের অভিযোগ, গত বৃহস্পতিবার উপজেলা সদরে এলজিএসপি-২-এর চার দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে ইউএনও তাঁর বক্তব্যে বলেছেন, নির্বাচনের সময় চেয়ারম্যান ও সদস্যরা চা আর শুকনো কিছুর (নগদ টাকা) বিনিময়ে জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে থাকেন। চেয়ারম্যান হওয়ার পর তাঁরা পরের ধনে পোদ্দারি করেন। ইউএনও বলেন, ‘কাউকে উদ্দেশ করে বক্তব্য দিইনি। আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।’