ইউএনওকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত পালের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলে তাঁর প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার মিছিল-সমাবেশ ও ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যসহ তাঁদের সমর্থকেরা এ কর্মসূচি পালন করেন।
চেয়ারম্যানদের অভিযোগ, ইউএনওর দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে দুই মাস ধরে উপজেলা পরিষদের কার্যক্রম অচল হয়ে পড়েছে। এ কারণে তাঁরা দুই মাস ধরে তাঁর প্রত্যাহারের দাবিতে মিছিল-সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। এরই মধ্যে তাঁরা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দেখা করে এ বিষয়ে তাঁর হস্তক্ষেপ কামনা করেছেন। এ ছাড়া জেলা প্রশাসকের কাছে এ ব্যাপারে স্মারকলিপি দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে সদর উপজেলা কার্যালয়ের সামনে জড়ো হন ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ তাঁদের সমর্থকেরা। পরে তাঁরা মিছিল বের করেন। মিছিলটি উপজেলা পরিষদ কার্যালয় একাধিকবার প্রদক্ষিণ করে। এ ছাড়া তাঁরা ইউএনওর কার্যালয় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। অবরোধ শেষে কার্যালয়ের সামনে তাঁরা প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় বক্তারা ইউএনওর প্রত্যাহারের জন্য ৩৬ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। অন্যথায় লাগাতার আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে তাঁরা হুমকি দেন।
সমাবেশে বক্তব্য দেন মহিনন্দ ইউপির চেয়ারম্যান মো. নূরুল হুদা, বিন্নাটি ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলাম, মারিয়া ইউপির চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ, চৌদ্দশত ইউপির চেয়ারম্যান আবদুল করিম, লতিবাবাদ ইউপির চেয়ারম্যান আবদুর রাজ্জাক প্রমুখ। পরে আন্দোলনরত ব্যক্তিরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল হাইয়ের সঙ্গে দেখা করে বিষয়টি জানান।
এ সময় আবদুল হাই প্রথম আলোকে জানান, বর্তমান পরিস্থিতিতে দুই মাস ধরে উপজেলা পরিষদের কর্মকাণ্ড অচল হয়ে পড়েছে। এভাবে কোনো পরিষদ চলতে পারে না। তাই অবিলম্বে বিষয়টির সমাধান হওয়া উচিত।
তবে ইউএনও সুব্রত পাল তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দু-একজন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে। তাই তাঁরা এমনটি করছেন।’