ইউএনওকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেনকে প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা, হয়রানি, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো, ‘কারণ ছাড়া’ অর্থ জরিমানার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গতকাল বেলা ১১টার দিকে পালিত এই কর্মসূচিতে জেলার নয়টি উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাংবাদিকেরা অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুন্সী মাহবুব আলম। এ সময় বক্তব্য দেন দৈনিক জন্মভূমি পত্রিকার সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়াদুদুর রহমান, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি মামুন রেজা, মেট্রোপলিটন ইউনিয়ন অব জার্নালিস্টের (এমইউজে) সাধারণ সম্পাদক হাসান আহম্মেদ প্রমুখ।

এ ছাড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, নগর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, রূপসা প্রেসক্লাবের সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কয়রা প্রেসক্লাবের হারুনুর রশিদ, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম ফরিদ রানা বক্তব্য দেন।

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়াদুদুর রহমান বলেন, ‘বটিয়াঘাটার ইউএনও মানসিক বিকারগ্রস্ত। এ জন্য তিনি সাংবাদিকদের নানাভাবে হয়রানি করছেন। তাঁর অত্যাচারে সাংবাদিকেরা এখন এলাকাছাড়া। দুটি প্রেসক্লাব এখন বন্ধ। এমন পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণের জন্য এবং ওই এলাকায় সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ইউএনওকে শিগগিরই প্রত্যাহার করা হোক।’

মানববন্ধনে ওয়াকিং জার্নালিস্ট ইউনিটি, খুলনা টিভি ক্যামেরাম্যান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, মানবাধিকার বাস্তবায়ন কমিটি, সাম্যবাদী দলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করেন।