ইউএনওকে মারধর : আ.লীগ নেতার জামিন
ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রাকিব হায়দারকে মারধরের ঘটনায় হওয়া মামলার ১ নম্বর আসামি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খায়রুল বাশার মজুমদার জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহ এ জামিন আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবীরা ওই মামলায় অভিযোগপত্রভুক্ত আরও সাতজনের জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করেন।
আদালতের সরকারি কৌঁসুলি হাফেজ আহম্মদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আগামী ৬ জুন মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
৬ মে ফেনী জেলা আওয়ামী লীগের এক নেতাকে ‘অপমান করায়’ মারধরের শিকার হন ইউএনও এইচ এম রাকিব হায়দার। এ ঘটনায় ইউএনওর গাড়ির চালক আবুল কাশেম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে ১০-১২ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে পরশুরাম থানায় মামলা করেন। এ ঘটনায় ১৬ মে পুলিশ খায়রুলসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। বর্তমানে অভিযোগপত্রভুক্ত সাত আসামি কারাগারে আছেন।
আরও পড়ুন: