ইউএনওকে মারধর প্রশাসন ক্যাডারে ক্ষোভ
ফেনীর পরশুরামের ইউএনও এইচ এম রকিব হায়দারকে আওয়ামী লীগের নেতাদের মারধরের ঘটনায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন ক্ষোভ করেছে।
গতকাল রোববার প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে এ ঘটনা নিয়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নিজেদের মধ্যে আলোচনায় ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের আশঙ্কা, এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দেশের অন্যান্য স্থানেও কর্মকর্তারা এ ধরনের ঘটনার শিকার হতে পারেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীকেও জানানো হবে।
ফেনীতে আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে ‘অপমান’ করায় গত শুক্রবার সকালে মারধরের শিকার হন পরশুরামের ইউএনও। ফেনীর জেলা প্রশাসক মো. আমিন উল আহসান ওই দিন বলেছিলেন, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খায়রুল বাশার মজুমদার ও তাঁর সহযোগীরা ইউএনওকে মারধর করেন। আহত ইউএনওকে এখন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুই দিন সাপ্তাহিক ছুটির পর গতকাল সপ্তাহের প্রথম কর্মদিবসে সচিবালয়ে গিয়ে দেখা যায়, প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন। তাঁরা আশঙ্কা করেন, এ রকম পরিস্থিতির কারণে মাঠ প্রশাসনে কর্মকর্তারা দায়িত্ব নিয়ে কাজ
করতে চাইবেন না। এ জন্য তাঁরা এ বিষয়ে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।