ইউএনওকে মারধর : বাদীপক্ষ না থাকায় সাক্ষ্য গ্রহণ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম রাকিবুল হায়দারকে মারধরের ঘটনায় হওয়া মামলায় বাদীপক্ষের অনুপস্থিতির কারণে আজ মঙ্গলবার মামলার সাক্ষ্য গ্রহণ হয়নি। আগামী ২০ জুলাই সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

আসামি পক্ষের আইনজীবী আনোয়ারুল করিম ফারুক প্রথম আলোকে বলেন, ফেনীর দ্রুত বিচার আদালতের বিচারক ও ফেনীর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম তাওহিদুল হকের আদালতে মামলার আটজন আসামি উপস্থিত ছিলেন। কিন্তু বাদীপক্ষের কেউ আদালতে উপস্থিত ছিলেন না। পরে আদালত পরবর্তী তারিখ ধার্য করেন।
গত ৬ মে ফেনীর পরশুরামের ধনিকুণ্ডা রাস্তারমাথা এলাকায় স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে সম্মান না করায় ইউএনওকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। এ ঘটনায় ইউএনওর গাড়িচালক আবুল কাশেম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে ও ১০-১২ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে পরশুরাম থানায় মামলা করেন। ১৬ মে পরশুরাম থানার পুলিশ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। বর্তমানে আটজনই আসামি জামিনে আছেন। আসামিদের মধ্যে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, চিথলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পরশুরাম পৌরসভার কাউন্সিলর ও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল মান্নান উল্লেখযোগ্য।