ইউএনওকে মারধর : ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রাকিব হায়দারকে মারধরের মামলায় অভিযোগপত্র গ্রহ​ণ করে আদালত মামলাটি দ্রুত বিচার আদালতে বদলি করেছেন। ৩১ মে মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে।
ফেনীর দ্রুত বিচার আমলি আদালতের বিচারক শেখ মো. বদিউল আলম আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, ইউএনও রাকিব হায়দারকে মারধরের মামলায় ১৬ মে মামলার তদন্ত কর্মকর্তা পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষে আদালতের উপপরিদর্শক (এসআই) মাহবুবুল হক বলেন, আদালত আজ অভিযোগপত্র গ্রহণ করে এই মামলা দ্রুত বিচার আদালতে বদলির আদেশ দেন। এ ছাড়া ৩১ মে দ্রুত বিচার আদালতে মামলাটির অভিযোগ গঠনের দিন ধার্য করেন।
আসামিপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি জাহিদ হোসেন বলেন, আজ দুপুরে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খায়রুল বাসার মজুমদার এবং চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ গ্রেপ্তার আটজনের জামিনের জন্য আবেদন করা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
৬ মে স্থানীয় এক আওয়ামী লীগের নেতাকে ‘অপমান’ করায় ইউএনও রকিব হায়দারকে মারধর করা হয়। এ ঘটনায় ইউএনওর গাড়িচালক আবুল কাশেম বাদী হয়ে খায়রুল বাসার মজুমদার, জসিম উদ্দিনসহ সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন।

আরও পড়ুন...