ইউএনওকে মারধরের ঘটনায় প্রশাসন ক্যাডারে ক্ষোভ
ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রকিব হায়দারকে আওয়ামী লীগ নেতারা মারধর করার ঘটনায় প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে এ ক্ষোভের কথা জানিয়েছে।
এ ছাড়া আজ রোববার প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে এ ঘটনা নিয়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিজেদের আলোচনায় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তাঁদের আশঙ্কা, এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দেশের অন্যান্য স্থানেও কর্মকর্তারা এ ধরনের ঘটনার শিকার হতে পারেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও জানানো হবে।
ফেনীতে আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে ‘অপমান’ করায় গত শুক্রবার মারধরের শিকার হন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রকিব হায়দার। ফেনীর জেলা প্রশাসক মো. আমিন উল আহসান ওই দিন বলেছিলেন, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খায়রুল বাশার মজুমদার ও তাঁর সহযোগীরা ইউএনওকে মারধর করেন। আহত ইউএনওকে এখন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রশাসনিক একটি সূত্রে জানা গেছে, এ ঘটনায় ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান অভিযুক্ত ব্যক্তিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দুই দিন সাপ্তাহিক ছুটির পর আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে সচিবালয়ে গিয়ে দেখা যায়, প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন। তাঁরা আশঙ্কা করেন, এ রকম পরিস্থিতির কারণে মাঠপ্রশাসনে কর্মকর্তারা দায়িত্ব নিয়ে কাজ করতে চাইবেন না। এ জন্য তাঁরা এ বিষয়ে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে চলছে এবং কর্মকর্তারাও এগিয়ে নেওয়ার পথে সর্বশক্তি নিয়োগ করছেন, সে মুহূর্তে এ ধরনের জঘন্য ঘটনা কর্মকর্তাদের মনোবলকে বাধাগ্রস্ত করছে। এ ঘটনায় অভিযুক্ত খায়রুল বাশার মজুমদারসহ অন্য আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের কাছে দাবি জানানো হয়।
আরও পড়ুন