ইউএনওকে মারধরের ঘটনায় প্রশাসন ক্যাডারে ক্ষোভ
উপজেলা পরিষদের চেয়ারম্যানের হাতে ফেনীর সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারধরের শিকার হওয়ার ঘটনায় প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার এ বিষয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যসোসিয়েশনের সভাপতির কাছে চিঠি দিয়ে প্রতিকার চাওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা তদন্ত করে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি এবং তদন্তকালীন সময়ে অভিযুক্ত উপজেলা চেয়ারম্যানকে তাঁর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অ্যাসোসিয়েশনের মাধ্যমে দাবি জানানোর প্রস্তুতি নিচ্ছেন। গত মঙ্গলবার ফেনীর সোনাগাজীর ইউএনও মোহাম্মদ মাহবুব আলম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজিমউদ্দিনকে উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম মারধর করেন বলে অভিযোগ ওঠে। উপজেলা পরিষদ মিলনায়তনে একটি ঋণ বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ ছাড়া এ ঘটনায় ইউএনও থানায় মামলা করেছেন। অভিযুক্ত চেয়ারম্যানও পাল্টা একটি মামলা করেন।লাঞ্ছিত ইউএনও ২৪তম বিসিএসের কর্মকর্তা। এ জন্য তাঁর ব্যাচের কর্মকর্তাদের মধ্যে বেশি ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি তাঁরা বিভিন্ন মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, স্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় বলে জানা গেছে।