ইউএনওকে মারধরের চেষ্টা করলেন ঠিকাদার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলামকে গতকাল শুক্রবার আবদুল হান্নান নামের স্থানীয় এক ঠিকাদার মারধরের চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয় লোকজন হান্নানকে আটক করে পুলিশে দেয়। কিন্তু পরে তাঁকে ছেড়ে দেয় পুলিশ।প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ভেড়ামারা ডিগ্রি কলেজের ফটকের সামনে ঠিকাদার হান্নানের একটি ট্রলির ধাক্কায় রুবেল নামের এক শিশু আহত হয়। এ ঘটনায় ইউএনও রাজিবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ট্রলির চালককে দণ্ড দিতে যান। খবর পেয়ে ঠিকাদার হান্নান ঘটনাস্থলে ছুটে যান। বাগিবতণ্ডার একপর্যায়ে ইউএনওকে লাঞ্ছিত করেন তিনি। তবে ইউএনও রাজিবুল প্রথম আলোকে বলেছেন, ‘ঠিকাদার উত্তেজিত হয়ে বলেন, ‘আপনি জোরে কথা বলছেন কেন? একপর্যায়ে ঠিকাদার হাত তুলে আমাকে মারতে তেড়ে আসেন।’নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, ঠিকাদার হান্নান আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতার ভাইয়ের সঙ্গে যৌথভাবে কাজ করেন। এ জন্যই হয়তো হান্নানকে পুলিশের কাছে সোপর্দের পর ছেড়ে দেওয়া হয়।ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম বলেন, এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। তাই হান্নানকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।