চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সড়ক নির্মাণে অনিয়মের ঘটনায় নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যেই ইউএনওকে ব্যাখ্যা দিয়েছেন উপজেলা প্রকৌশলী। তবে এতে তিনি তদারকিতে গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন।
উপজেলার সন্তোষপুর-মানিকপুর সড়ক নির্মাণে ঠিকাদার এক নম্বর ইটের পরিবর্তে তিন নম্বর ইট ব্যবহার করেছেন বলে অভিযোগ ওঠে। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাফিজ গত মঙ্গলবার সরেজমিন তদন্তে অভিযোগের সত্যতা পান। পাশাপাশি সেখানে নির্মাণকাজ তদারকির জন্য কোনো কর্মকর্তা/কর্মচারীকে পাননি। পরে তিনি উপজেলা প্রকৌশলী মো. ওসমান গণিকে চিঠি দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে বিষয়টি ব্যাখ্যা চান।
গতকাল বুধবার লিখিত ব্যাখ্যা জমা দেন উপজেলা প্রকৌশলী ওসমান গণি। এতে তিনি উল্লেখ করেন, ঠিকাদার দেলোয়ার হোসেন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর নিষেধাজ্ঞা অমান্য করে নিম্নমানের কাজ করছিলেন। এ ঘটনায় উপজেলা প্রকৌশলী বা তাঁর কার্যালয়ের কেউ জড়িত নন।
ইউএনও নুরুল হাফিজ প্রথম আলোকে বলেন, ওই সড়কে যে ৩০ শতাংশ কাজ হয়েছে, সেখানে নতুন করে এক নম্বর ইট বিছানোর জন্য আজ বৃহস্পতিবার ঠিকাদারকে চিঠি দেওয়া হবে। পাশাপাশি ওই ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করতে উপজেলা প্রকৌশলীকে অনুরোধ করা হয়েছে।