কিশোরগঞ্জের ভৈরবে বিয়াম ল্যাবরেটরি স্কুলে ‘পিকনিকের চাঁদা না দেওয়ায়’ দুই শিক্ষার্থীর পরীক্ষায় পাওয়া নম্বর কাটা ও ভর্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় অধ্যক্ষের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারকে সতর্ক করেছেন হাইকোর্ট।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ গত সোমবার ইউএনওকে সতর্ক করে দিয়ে পরবর্তী সময়ে এই বিষয়ে সচেতন থাকার নির্দেশ দেন। নম্বর কাটা ও ভর্তি বাতিলের জন্য ইউএনওর পক্ষে আইনজীবী আদালতে ভুল স্বীকার করেন।
ভর্তি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ওই দুই শিক্ষার্থীর বাবা তৌহিদুল ইসলাম গত ২৪ মে হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট ৩১ মে স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত স্থগিত করে ইউএনওকে ১৫ জুন হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেন।
রিট আবেদনকারীর আইনজীবী এম এ মান্নান জানান, হাইকোর্ট ইউএনওকে এই মর্মে সতর্ক করেন যে শিশুরা স্পর্শকাতর। তাদের বিষয়ে সচেতন থাকতে হবে। ভর্তি বাতিলের জন্য শিশুদের মনে ক্ষত সৃষ্টি হয়ে থাকতে পারে। এ কারণে দুই শিক্ষার্থীকে ইউএনও নিজে ডেকে এনে কাউন্সেলিং করবেন।
মুঠোফোনে ইউএনও জেসমিন আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।