ইউএনওকে সরিয়ে নিতে সময়সীমা
সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আজিজুল ইসলামকে অপসারণ করতে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। ইউএনওর ঘুষ, দুর্নীতি ও প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাদের সম্পর্কে কটূক্তির প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তাঁরা।
সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি মিসবাহ উদ্দিন বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা হয়েও তিনি (আজিজুল ইসলাম) যেভাবে প্রবীণ নেতাদের তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেন, মনে হয় তিনি ইউএনও নন। অন্য কোনো রাজনৈতিক দলের নেতা। তাঁর দাপটে আমরা অতিষ্ঠ।’
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, এই ইউএনও টাকা ছাড়া কিছুই বোঝেন না।
উপজেলা আওয়ামী লীগের ম্পাদক গোলাম কিবরিয়া বলেন, সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এটা একজন ইউএনওর কারণে বাধাগ্রস্ত হলে তা কেউ মেনে নেবে না। তাই তাঁকে সরিয়ে নিতে জেলা প্রশাসকের কাছে দাবি জানানো হয়েছে। নইলে গোয়াইনঘাটবাসী কঠোর আন্দোলনে নামবে। আজিজুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দুর্নীতি রোধ করতে চাই বলেই দুর্নীতিবাজ বলছে।’