ইউএনওকে সাংসদের নিষেধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সাত দপ্তরে তালা ঝোলানোর পাঁচ দিন পর এবার রাজীবপুরের ইউএনওকে ভ্রাম্যমাণ আদালত বসাতে নিষেধ করলেন ক্ষমতাসীন দলের (কুড়িগ্রাম-৪ আসন) সাংসদ জাকির হোসেন। গত সোমবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে এক সভায় সাংসদ ওই নির্দেশ দেন বলে অভিযোগ উঠেছে।এ সময় ইউএনওকে উদ্দেশ করে সাংসদ বলেন, ‘টিআর-কাবিখা প্রকল্প সরেজমিনে দেখতে যাবেন না। উপজেলা চেয়ারম্যান আর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যা করবেন, তাতেই আপনি স্বাক্ষর দেবেন। এখানে চাকরি করলে আমার কথামতো চলতে হবে।’ ওই সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা খবরের সত্যতা নিশ্চিত করেছেন।উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংসদ জাকির হোসেন ইউএনওকে উদ্দেশ করে আরও বলেন, ‘এখন থেকে রাজীবপুর উপজেলায় আর ভ্রাম্যমাণ আদালত বসাবেন না। আমার কথার অমান্য হলে রৌমারীর ইউএনওর মতো হবে। আপনারা দেখেন নাই, ভ্রাম্যমাণ আদালত বসাতে গিয়ে কয়েক বছর আগে জনগণ রৌমারীর ইউএনওকে দৌড়ানি দিয়েছে, গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।’ সাংসদের হুমকিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।সম্প্রতি ইউএনও আবদুল কাদের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালিয়ামারী বাজারে ধূমপানের দায়ে একজনকে ৫০ টাকা জরিমানা, একটি অবৈধ দোকান অপসারণ এবং বাল্যবিয়ের দায়ে একজনকে দুই মাসের কারাদণ্ড দেন। এসব ঘটনা নিয়ে সাংসদের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয় বলে জানা গেছে।রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম, কোদালকাটি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির এবং মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, সভায় ভ্রাম্যমাণ আদালত বসানো নিয়ে ইউএনওর সঙ্গে সাংসদের আলোচ্য সূচির বাইরে অনেক কথাই হয়েছে।রাজীবপুরের ইউএনও আবদুল কাদের জানান, কাবিখার পুনর্বণ্টন নিয়ে এক সভায় সাংসদ বিভিন্ন বিষয় নিয়ে অনেক কথাই বলেছেন। তবে ওই বিষয়ে কিছু বলা সমীচীন হবে না। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, তিনি বিষয়টি শুনেছেন।সাংসদ জাকির হোসেন বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত বসানোর জন্য নিষেধ করা হয়নি। ভ্রাম্যমাণ আদালতের সময় আমি একদিন ফোন করেছিলাম। কিন্তু তিনি ফোন ধরেননি। সেই কথাটিই বলা হয়েছে।’ তবে সাংসদ দাবি করেন, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাজীবপুরের মানুষকে অহেতুক হয়রানি করা হচ্ছে।