ইউএনওকে হুমকি, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবি সত্যায়িত করে না দেওয়ায় ইউএনওকে ‘দেখে নেব’ বলে হুমকি দিয়েছেন যুবলীগের এক নেতা। গত বুধবার বিকেলে সিলেটের জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টিটন খীসার দপ্তরে ঢুকে পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আজমল হোসেন এ হুমকি দেন। এ ঘটনায় রাতেই জকিগঞ্জ থানায় ইউএনওকে হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। যুবলীগ নেতার হুমকির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা কলমবিরতি পালন করেছেন। অপরদিকে মামলা করায় গতকাল সন্ধ্যায় প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগ। সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা তুলে নিয়ে ইউএনওকে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, যুবলীগ নেতা আজমল পৌর যুবলীগের সভাপতি আবদুস সালামকে নিয়ে বুধবার বিকেলে ইউএনওর দপ্তরে যান কয়েকটি ছবি সত্যায়িত করার জন্য। এ সময় ইউএনও ব্যস্ত থাকায় তিনি কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। পরে অন্য কোনো কর্মকর্তাকে দিয়ে সত্যায়িত করার অনুরোধ করলে যুবলীগের দুই নেতা ক্ষিপ্ত হয়ে ওঠেন। ইউএনওর দপ্তরের নথিপত্র তছনছ করে ‘দেখে নেব’ বলে হুমকি দিয়ে বের হয়ে যান তাঁরা। যোগাযোগ করলে ইউএনও টিটন খীসা জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে রাতে মামলা করেছেন। জকিগঞ্জ থানায় কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাকির জানান, ইউএনওর করা মামলায় আজমল, সালামসহ তিনজনকে আসামি করা হয়েছে। আজমল হোসেন বলেন, ‘ইউএনও সাহেব অনেকক্ষণ বসিয়ে রেখেও ছবি সত্যায়িত করে না দেওয়ায় স্বাভাবিকভাবে কিছু ক্ষোভ ছিল। কিছুক্ষণ পরে মীমাংসা হয়।’