ইউএনওকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। গতকাল উপজেলার বাজার চত্বরে এ কর্মসূচি পালন করেন তাঁরা। সমাবেশ থেকে ২৪ ঘণ্টার মধ্যে ইউএনওকে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
দুপুর ১২টার দিকে বটিয়াঘাটা বাজারে এলাকাবাসী জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। পরে তাঁরা মিছিল নিয়ে উপজেলা বাসস্ট্যান্ডে এসে ইউএনওর কুশপুত্তলিকা দাহ করেন।
১৩ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন জায়গা থেকে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতার ছবি-সংবলিত প্যান্যাফ্লেক্স ও ফেস্টুন ভাঙচুর করে ফেলে রাখা হয়। ইউএনওর নির্দেশে উপজেলা প্রশাসনের লোকজন এ কাজ করেছেন বলে অভিযোগ আছে। তা ছাড়া মিথ্যা মামলা ও হয়রানির ভয়ে সাংবাদিকদের এলাকাছাড়া করারও অভিযোগ আছে ইউএনওর বিরুদ্ধে। এসবের প্রতিবাদেই এ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
বটিয়াঘাটা বাজার চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলার আমিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম খান। সাধারণ সম্পাদক দিলীপ হালদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জলমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ভান্ডারকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল হক, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক অরিন্দম গোলদার প্রমুখ।
সমাবেশে আশরাফুল আলম এলাকায় সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ইউএনও বিল্লাল হোসেনকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানান। এ ছাড়া সমাবেশ থেকে এ সময়ের মধ্যে তাঁকে প্রত্যাহার না করা হলে উপজেলা অচল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।