ইউএনওকেই ভাঙতে হলো ঘরটি!
খুলনার তেরখাদা উপজেলার দশভাইয়া গ্রামে ঘর তুলে এর মধ্যে দীর্ঘদিন ধরে জুয়া ও মাদকের আসর চলছিল। এ আসরে অংশ নিয়ে গ্রামের উঠতি বয়সী তরুণ-যুবক ও শ্রমজীবীরা সর্বস্বান্ত হচ্ছিলেন। স্থানীয় লোকজন পুলিশকে জুয়া ও মাদকের আসরটি বন্ধের দাবি করে আসছিল। উপায়ান্ত না দেখে গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপ কামনা করে। এতে সাড়া দেন ইউএনও। গত বুধবার পুলিশের সহায়তায় ইউএনও জুয়া ও মাদকের আসর বসানো ঘরটি ভেঙে দিয়েছেন।ইউএনও মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে কয়েকজন কর্মকর্তা ও পরীক্ষার হলে কর্তব্যরত পুলিশের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে দশভাইয়া গ্রামের ওই ঘরটি ভেঙে দিয়েছি। আসরটি ভাঙার সময় গ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।’তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির উদ্দিন মোল্লা বলেন, দশভাইয়া গ্রামের জুয়া-মাদক আসর বসত কি না, তা তদন্ত করে দেখতে হবে।