ইউএনওদের প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি করার সুপারিশ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেয়ারম্যানদের সরিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি করার সুপারিশ করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। কমিটির আগামী বৈঠক শেষে এ-সংক্রান্ত বিস্তারিত সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হবে। বর্তমান কাঠামো অনুযায়ী উপজেলা চেয়ারম্যানরাই প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি। এ বিষয়ে গতকাল সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটির সদস্যরা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতির পদ থেকে চেয়ারম্যানদের সরিয়ে দেওয়ার ব্যাপারে একমত হন। তাঁরা মত প্রকাশ করেন, চেয়ারম্যানকে সম্পূর্ণ পরিষদের দায়িত্ব পালন করতে হয়। তাই তাঁকে শিক্ষা কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া যৌক্তিক নয়। সে ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে উপজেলা শিক্ষা কমিটি পুনর্গঠন করা যেতে পারে। কমিটির আগামী বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়াও গতকালের সভায় শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ সমস্যা সমাধানে জেলা শহরে ছয়তলা, উপজেলা শহরে পাঁচতলা এবং গ্রামীণ পর্যায়ে চারতলার প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের সুপারিশ করা হয়।জানা গেছে, এনজিও পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলোতে সমাপনী পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কারণ উদ্ঘাটনে গঠিত উপ-কমিটির তদন্ত প্রতিবেদন গতকালের সভায় উপস্থাপন করা হয়। এ নিয়ে কমিটির আগামী সভায় বিস্তারিত আলোচনা হবে। কমিটির সভাপতি দেওয়ান ফরিদ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যদের মধ্যে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, আতিউর রহমান আতিক, নাজিম উদ্দিন আহমেদ, আফাজ উদ্দিন আহমেদ, আবদুল মান্নান, তালুকদার মো. ইউনুস, খাদিজা খাতুন শেফালী ও জোবেদা খাতুন।