ইউএনওদের সাচিবিক দায়িত্ব পালনের বিধান নিয়ে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনওদের) সাচিবিক দায়িত্ব পালনের বিধানসংক্রান্ত উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ ওই রুল দেন। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, স্থানীয় সরকার সচিবসহ ১৬ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত বছরের ৭ ডিসেম্বর উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি ও দুমকি উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদ ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোহরদী উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান রিনা পারভীন, কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আহম্মেদ ও চৌদ্দগ্রাম উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার আবেদনকারী হয়ে ওই রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসান এম এস আজিম। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

রুলের বিষয়টি জানিয়ে আইনজীবী হাসান এম এস আজিম প্রথম আলোকে বলেন, দপ্তারিক যোগাযোগে দেখা যায়, ইউএনওরা বিভিন্ন আমন্ত্রণপত্রে উপজেলা পরিষদ না লিখে উপজেলা প্রশাসন লিখে থাকেন। এ বিষয়েও রুল দিয়েছেন আদালত।

উপজেলার বিভিন্ন কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান উপদেষ্টা থাকবে বলে বিভিন্ন সময়ে জারি করা পরিপত্র কেন অবৈধ হবে না রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।

উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারা চ্যালেঞ্জ করে রিটটি করা বলে জানান রিট আবেদনকারীদের আইনজীবী। তিনি বলেন, আইনের ৩৩ ধারার (১) উপধারা অনুসারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হবেন এবং তিনি পরিষদে সাচিবিক সহায়তা প্রদান করবেন। ৩৩(২) উপধারায় পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন, আর্থিক শৃঙ্খলা প্রতিপালন এবং বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য কার্যাবলি পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সম্পাদন করবেন বলা আছে। তাই পরিষদ কোনো সিদ্ধান্ত দিলে ইউএনও তা বাস্তবায়ন না করলে পরিষদের কিছু করার থাকে না। কেননা, উপজেলা পরিষদের কাছে ইউএনর জবাবদিহির বাধ্যবাধকতা আইনে রাখা হয়নি। ধারাটি সংবিধানের ৭ ও ৫৯ অনুচ্ছেদের পরিপন্থী—এসব যুক্তিতে রিটটি করা হয়।