প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগের প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার দাবি না মানায় মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উজ জামানের অপসারণ দাবিতে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা বিক্ষোভ করেছেন। তাঁরা ইউএনওকে গালিগালাজ করেন এবং চামড়া তুলে নেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার দুপুরে ইউএনওর কার্যালয়ে ও উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
ইউএনও প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের নেতারা আমাকে নিয়ে আপত্তিকর স্লোগান দিয়েছে। আমার শরীরের চামড়া তুলে নিতে চেয়েছে। তাদের আচরণে আমি মর্মাহত, ব্যথিত। আমার কক্ষে যে আচারণ করেছে তা একটা অপরাধ। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।’
ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টায় ইউএনও নিজ কক্ষে প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশ্যপ্রহরী নিয়োগসংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে আলোচনা করছিলেন। সে সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনসহ বেশ কয়েকজন নেতা-কর্মী ইউএনওর কক্ষে ঢোকেন।
নাম প্রকাশ না করার শর্তে গাংনী উপজেলা পরিষদের এক কর্মকর্তা প্রথম আলোকেবলেন, ‘মোহাম্মদ সাহিদুজ্জামান ইউএনওকে বলেন, এই নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হোক। এ সময় ইউএনও ওই নেতাকে বলেন, আপনি তো নিয়োগ প্রক্রিয়ার কোনো সদস্য না। এ বিষয়ে কোনো কমান্ড করতে পারেন না। বিধি মোতাবেক সবকিছু করা হবে। এ কথা শোনার পর আওয়ামী লীগের নেতারা উত্তেজিত হয়ে পড়েন। কয়েকজন নেতা ইউএনওকে গালিগালাজ করতে থাকেন।’
একপর্যায়ে নেতা-কর্মীরা কক্ষের বাইরে এসে পরিষদ চত্বরে ইউএনওর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। দ্রুত ইউএনওকে অপসারণের দাবি তুলে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
মিছিল শেষে পরিষদের সামনে প্রধান সড়কের পাশে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক বলেন, ইউএনওর বাড়ি সাতক্ষীরায়। তিনি জামায়াতের লোক। গোপনে অবৈধ নিয়োগের মাধ্যমে তিনি সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টা করছেন। তাঁকে অপসারণ না করা পর্যন্ত রাজপথে আন্দোলন চলতে থাকবে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘নিয়োগের প্রক্রিয়া পিছিয়ে দিতে আওয়ামী লীগের নেতারা মিলে ইউএনওর কাছে যাওয়া হয়েছিল। সভাপতি (সাহিদুজ্জামান) প্রস্তাব দিলে ইউএনও তা মানেন না। এ নিয়ে তাঁর সঙ্গে তর্ক হয়। আমি ইউএনওকে বলি আপনি তো বোকা, বিষয়টি অন্যভাবে বলতে পারতেন। পরে বাইরে এসে মিছিল করি। ইউএনওকে গালিগালাজ করা হয়নি।’
মোহাম্মদ সাহিদুজ্জামান বলেন, ‘যদিও নিয়োগ কমিটির আমি কেউ না এটা সত্য, তবু আমরা পাওয়ার পার্টিতে আছি। কোনো সরকারি কর্মকর্তা দিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট হোক, এটা আমরা চাই না। তাঁকে গালিগালাজ বা মারমুখী কিছু করা হয়নি। ইউএনওর অপসারণের দাবিতে উপজেলা আওয়ামী লীগ আগামীকাল (আজ সোমবার) বিক্ষোভ সমাবেশ করবে।’
ইউএনও বলেন, ‘এখনো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। আওয়ামী লীগের নেতারা নিয়োগ কমিটির সদস্য না হলেও তারা কমান্ড করেছে। তারা মারমুখী ভূমিকায় ছিল। এটা অপরাধ।’
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, পরিস্থিত শান্ত রয়েছে। ইউএনওর কার্যালয় ও তাঁর বাসভবনে নিরাপত্তার জন্য সার্বক্ষণিক পুলিশি টহল রাখা হয়েছে।