ইউএনওর অপসারণ দাবিতে আ.লীগের ঝাড়ু মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণ দাবি করে গতকাল মঙ্গলবার উপজেলা শহরে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। চুনারুঘাট পৌরসভা নির্বাচনে তাঁদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে তাঁরা এসব কর্মসূচি পালন করেন।
গতকাল বেলা ১১টায় চুনারুঘাট উপজেলা সদরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝাড়ু মিছিল বের করেন। মিছিলকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাশহুদুল কবীর ও থানার ওসি অমূল্য কুমার চৌধুরীর বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। পরে তাঁরা শহরের মধ্যবাজারে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হন।
চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রশিদ মাস্টারের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, ইউএনও মাশহুদুল কবীর নানা অনিয়ম করে আওয়ামী লীগের প্রার্থী সাইফুল আলম ওরফে রুবেলকে পরাজিত করেছেন। তিনি নির্বাচনের দিন হাজি ইয়াসিন সরকারি বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা সঞ্জীব সূত্রধরের মাধ্যমে ভোট চুরি করে তাঁদের প্রার্থীকে ১৪ ভোটের ব্যবধানে পরাজিত দেখিয়েছেন। এ ছাড়া পৌরসভার ১১টি ভোটকেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রের ফলাফল সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এলেও হাজি ইয়াসিন কেন্দ্রের ফলাফল রাত নয়টায় ঘোষণা করা হয়। বারবার ওই কেন্দ্রের ভোট পুনর্গণনার বিষয়ে আবেদনের পর আশ্বাস দিয়েও ইউএনও তা করেননি। চুনারুঘাটের ওসি অমূল্য কুমার চৌধুরী নির্বাচনের দুই দিন আগে থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের আটক করেন এবং নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশহুদুল কবীর ও ওসি অমূল্য কুমার চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তাঁরা বলেন, চুনারুঘাট পৌরসভার নির্বাচন নিয়ে কোনো ধরনের দুর্নীতি হয়নি। এ ছাড়া কারও কোনো অভিযোগ নেই। তারপরও কেন তাঁরা এ অভিযোগ তুলছেন, তা বুঝে উঠতে পারছেন না তাঁরা।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চুনারুঘাট পৌরসভার নির্বাচনে বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র নাজিম উদ্দিন ৪ হাজার ৭৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাইফুল আলম রবেল পান ৪ হাজার ৭২১ ভোট। অর্থাৎ ১৪ ভোটের ব্যবধানে জয়ী হন বিএনপির প্রার্থী।