ইউএনওর অপসারণ দাবিতে বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অভিযোগ নিয়ে গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন শের আলম মিয়া। এরপর তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। এ ঘটনার পর ইউএনওর অপসারণের দাবিতে দুপুরে উপজেলা সদরে মিছিল ও সড়ক অবরোধ করেন ভাইস চেয়ারম্যানের পক্ষের লোকজন।
২০১৩-১৪ অর্থবছরের স্থানীয় সাংসদের সর্বশেষ বিশেষ বরাদ্দের টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের কাজ চলছে। অভিযোগ রয়েছে, এসব প্রকল্প থেকে পিআইও আবুল কালাম নিয়াজী ঘুষ নিয়ে ছাড়পত্র দিচ্ছেন। এ নিয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শের আলম মিয়ার সঙ্গে পিআইওর বিরোধের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, গতকাল দুপুর ১২টার দিকে শের আলম মিয়া পিআইওর কার্যালয়ে গিয়ে কক্ষের দরজায় কয়েক দফা লাথি মারেন। তখন পিআইও তাঁর কক্ষে ছিলেন না। কিছুক্ষণ পর শের আলম পিআইওর বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য ইউএনওর কক্ষে যান। সেখানে পিআইওকে দেখে শের আলম আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি উত্তেজিত হয়ে ইউএনওর কাছে পিআইওর বিরুদ্ধে অভিযোগ করতে থাকেন। তখন ইউএনও শের আলমকে দাপ্তরিক শৃঙ্খলা মেনে শান্ত হয়ে মার্জিত ভাষায় কথা বলার অনুরোধ করেন। এ সময় উভয়েই বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ইউএনও শের আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বললে তিনি উত্তেজিত হয়ে বের হয়ে যান।
দুপুর সাড়ে ১২টার দিকে সমর্থকদের নিয়ে শের আলম উপজেলা সদরে মিছিল বের করেন। এ সময় তাঁরা ইউএনওর অপসারণ দাবি করে স্লোগান দেন। বেলা একটার দিকে বিক্ষোভকারীরা সরাইল-অরুয়াইল সড়ক অবরোধ করেন এবং কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় তাঁরা ওই সড়কে অবস্থান নিয়ে সমাবেশ করেন। সমাবেশে শের আলম অভিযোগ করে বলেন, ‘ইউএনওর অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে পিআইও আবুল কালাম নিয়াজী বলেন, ‘যারা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন, তাঁদের সঙ্গে আমার কোনো প্রকল্প নেই।’
ইউএনও এমরান হোসেন বলেন, ‘অভিযোগ সম্পর্কে খোঁজখবর নিতে পিআইওকে আমার দপ্তরে ডেকেছিলাম। তখন ভাইস চেয়ারম্যান আমার দপ্তরে ঢুকে উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে সীমা লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।’