ইউএনওর অপসারণের দাবিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানববন্ধন

দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহারুল ইসলামের অপসারণের দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছেন উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন। ‘পার্বত্য চট্টগ্রাম ব্যতীত দেশের অন্যান্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের উন্নয়ন সহায়তা’ প্রকল্পের বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগে তাঁরা তাঁর বিরুদ্ধে এ কর্মসূচি পালন করেন।
এর আগে গত ১৩ জানুয়ারি প্রকল্পের বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ এনে ইউএনও আজাহারুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেন হাকিমপুর আদিবাসী সমাজ উন্নয়ন সমবায় সমিতি ও সাংস্কৃতিক একাডেমির নেতারা।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ চত্বরে গতকাল দুপুরে ওই মানববন্ধন হয়। মানববন্ধনে হাকিমপুর আদিবাসী সমাজ উন্নয়ন সমবায় সমিতি ও সাংস্কৃতিক একাডেমির সাধারণ সম্পাদক গ্রেগারী সরেন বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উন্নয়ন সহায়তার ওই প্রকল্পে গত ২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থবছরে যে পরিমাণ বরাদ্দ এসেছিল, তার কোনো কাজই করেননি ইউএনও আজাহারুল। তাঁরা জানতে পেরেছেন, ২০১২-১৩ অর্থবছরে চতুর্থ কিস্তির বরাদ্দ ছিল ১১ লাখ ৫ হাজার ও ২০১৩-১৪ অর্থবছরে চতুর্থ কিস্তির বরাদ্দ ছিল ১৬ লাখ টাকা। পরের কিস্তির কত বরাদ্দ ছিল ইউএনও তা তাঁদের জানাননি। বিধি অনুযায়ী প্রকল্পের টাকা ব্যবহৃত না হলে ফেরত দেওয়ার কথা থাকলেও ইউএনও তা না করে টাকা আত্মসাৎ করেছেন। ২০১৫-১৬ অর্থবছরে প্রথম ও দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছিল ১৮ লাখ ৬৫ হাজার টাকা। এসব টাকা যেসব খাতে খরচ করার কথা, সেখানে নিম্নমানের কিছু কাজ করে বেশির ভাগ টাকাই তিনি আত্মসাৎ করেন।
ওই সংগঠনের কোষাধ্যক্ষ মাংগা ওঁরাও অভিযোগ করে বলেন, তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও আজাহারুলের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। গত ৭ ফেব্রুয়ারি ইউএনওকে হাকিমপুর থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বদলি করা হয়েছে। কিন্তু তিনি এখনো হাকিমপুরে অবস্থান করছেন।
এদিকে ইউএনও আজাহারুলের অনিয়ম দুর্নীতির বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এলাকাবাসীর পক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতারা গত ৬ জানুয়ারি জনপ্রশাসন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেন। গত ৮ জানুয়ারি একই অভিযোগে ইউএনওর বিরুদ্ধে আওয়ামী লীগের নেতারা সংবাদ সম্মেলন করেন। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগ গত ১৪ জানুয়ারি দলের জরুরি সভায় ইউএনওকে অবাঞ্ছিত ঘোষণা করে। এ নিয়ে গত ২১ জানুয়ারি প্রথম আলোয় ‘ইউএনওকে অবাঞ্ছিত ঘোষণা আ.লীগের’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
তবে ইউএনও আজাহারুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।