ইউএনওর অপসারণের দাবিতে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে বাঘারপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ বেগমের পদত্যাগের দাবিতে গতকাল মঙ্গলবার মিছিল করেছেন ব্যবসায়ীরা। একই দাবিতে পরে তাঁরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের ফটকের সামনের একটি চায়ের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও শাহনাজ বেগম। এ সময় দোকানে বসে ধূমপান করার দায়ে এক ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করা হয়। কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, তখন ওই দোকানের সব বিড়ি-সিগারেট রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে বাজারের ব্যবসায়ীরা দুপুর ১২টার দিকে দোকানে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তাঁরা ইউএনওর অপসারণ দাবি করেন।
বাঘারপাড়া বাজার কমিটির সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘বেলা একটার দিকে ইউএনও আমাদের সঙ্গে আলোচনায় বসেন। কিন্তু তিনি কোনো সমাধান দেননি। এ কারণে তাঁর অপসারণ দাবি করে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি।’
জানতে চাইলে ইউএনও বলেন, ‘আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় প্রকাশ্যে ধূমপান করার অপরাধে একজনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া ব্যবসায়ীরা যাতে বিড়ি-সিগারেট বিক্রি করতে নিরুৎসাহী হন, এ জন্য সেগুলো ধ্বংস করা হয়েছে।’