ইউএনওর অভিযানে বন্ধ হলো সেই অশ্লীল নৃত্য
গাজীপুরের কালিয়াকৈর বাজারের সাগর প্রেক্ষাগৃহে বিচিত্রা অনুষ্ঠান নামের অশ্লীল নৃত্যানুষ্ঠান গতকাল রোববার সন্ধ্যায় বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ ছাড়া প্রেক্ষাগৃহের মালিককে ওই অনুষ্ঠান পরিচালনার অনুমতিপত্র দেখানোর জন্য তলব করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই প্রেক্ষাগৃহে অবৈধভাবে সিনেমা প্রদর্শনী বন্ধ রেখে গত শুক্রবার থেকে অশ্লীল নৃত্যের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠান নিয়ে গতকাল প্রথম আলোয় ‘প্রেক্ষাগৃহে পুলিশ পাহারায় অশ্লীল নৃত্য’ শিরোনামে খবর প্রকাশিত হয়।
পরে গতকাল সন্ধ্যা সাতটার দিকে ইউএনও মো. হাবিবুর রহমান পুলিশ নিয়ে ওই প্রেক্ষাগৃহে অভিযান চালান। অভিযান চালিয়ে তিনি ঘটনার সত্যতা পান। এ সময় পুলিশ অনুষ্ঠান বন্ধ করতে বললে, প্রেক্ষাগৃহের পেছন দিক দিয়ে সব নৃত্যশিল্পীসহ অনুষ্ঠানের আয়োজকেরা পালিয়ে যান।
ইউএনও মো. হাবিবুর রহমান প্রথম আলোকে জানান, অশ্লীল নৃত্য চালানোর বিষয়টি তাঁর জানা ছিল না। তিনি জানতে পেরে অভিযান চালিয়ে তা বন্ধ করে দিয়েছেন।