ইউএনওর অসৌজন্যমূলক আচরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বরকল উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে গতকাল রোববার উপজেলা পরিষদের সভা বর্জন করেছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা।সভা সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কার্যালয় মিলনায়তনে উপজেলা পরিষদের চলতি মাসের সাধারণ সভা শুরু হয়। উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে চারটির চেয়ারম্যানরা সভায় যোগ দেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমার সভাপতিত্বে সভায় বেশ কিছু বিষয় আলোচনার পর ত্রাণ শাখার বিষয়ে আলোচনা শুরু হয়।আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা অভিযোগ করেন, ত্রাণ শাখার বিষয়ে আলোচনা শুরুর পরপরই ইউএনও মো. সাইফ উদ্দিন আহমেদ ইউপি চেয়ারম্যানদের চোর-বাটপার বলে গালাগাল শুরু করেন। সব ইউপি চেয়ারম্যানকে জেলে পাঠানোর হুমকি দেন তিনি। চেয়ারম্যানরা এর প্রতিবাদ করলে বাগিবতণ্ডা শুরু হয়। বেলা আড়াইটার দিকে ইউপি চেয়ারম্যানরা সভা বর্জন করে বেরিয়ে যান।চেয়ারম্যানরা জানান, ইউএনও দীর্ঘদিন ধরে তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। অথচ কোনো প্রকল্পেই তিনি সরেজমিন পরিদর্শনে যান না। ইউএনও বদলি না হওয়া পর্যন্ত তাঁরা আর কোনো সভায় যোগ দেবেন না।যোগাযোগ করা হলে ইউএনও সাইফ উদ্দিন আহমেদ অসৌজন্যমূলক আচরণের অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘প্রকল্প গ্রহণের ব্যাপারে এখন কড়াকড়ি করা হচ্ছে। সেটা হয়তো ইউপি চেয়ারম্যানদের পছন্দ হচ্ছে না। তাই আমাকে বিব্রতকর অবস্থায় ফেলতে তাঁরা মিথ্যা অভিযোগ করছেন।’