ইউএনওর আশ্বাসে বিদ্যালয়ের তালা খুলে দিল গ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের মাছুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষের তালা গতকাল বৃহস্পতিবার খুলে দিয়েছেন গ্রামবাসী। নিয়মিত ক্লাস না হওয়ার অভিযোগে গত বুধবার বিদ্যালয়ে তালা লাগিয়ে দেন গ্রামবাসী।মাছুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মধ্যনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলু মিয়া বলেন, ‘বিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে যথাযথ পদক্ষেপ নেবেন বলে ইউএনও আমাকে মুঠোফোনে জানিয়েছেন। বিষয়টি গ্রামবাসীকে জানালে তাঁরা বিদ্যালয়ের তালা খুলে দেন।’ইউএনও খালেদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছি গ্রামবাসীকে। সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’