ইউএনওর কক্ষে তালা ঝুলিয়ে দিলেন ইউপি চেয়ারম্যানরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ১৬টি প্রকল্পের বিল পাসে গড়িমসির অভিযোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঁচটি ইউপির চেয়ারম্যানেরা ওই কক্ষে তালা ঝুলিয়ে দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ইউপি চেয়ারম্যানরা বার্ষিক উন্নয়ন কর্মসূচির ১৬টি প্রকল্পের অনুকূলে বিল পাসের জন্য ইউএনও শাহ এস এম হাবিবুর রহমানের সঙ্গে দেখা করেন। এ সময় ইউএনও নানা কথা বলে প্রকল্পের বিল পাস করতে গড়িমসি করেন। পরে ক্ষুব্ধ চেয়ারম্যানরা ইউএনওর কার্যালয় কক্ষ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়কক্ষে তালা মেরে প্রতিবাদ জানান। তালা দেওয়ার আগে ইউএনও কক্ষ ত্যাগ করেন।গোলাবাড়ি ইউপির চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা অভিযোগ করেন, বিকেলে তাঁরা ইউএনওর কার্যালয়ে গেলে ইউএনও ওই বিল পাস করতে গড়িমসি করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে চেয়ারম্যানরা ক্ষুব্ধ হয়ে ইউএনওর কক্ষ থেকে বেরিয়ে আসেন এবং কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এরই মধ্যে ইউএনও কক্ষ ত্যাগ করলে তাঁরা তালা ঝুলিয়ে দেন। নাম প্রকাশ না করার শর্তে উপজেলা পরিষদের কর্মচারীদের কয়েকজন বলেন, ইউএনওর নির্দেশে পরে তালা ভেঙে কক্ষ খুলে দেওয়া হয়। এ ব্যাপারে ইউএনও শাহ এস এম হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে অফিসে কিছুই হয়নি বলে মন্তব্য করেন তিনি।