ইউএনওর কাছে অভিযোগ আদালতে মামলা দায়ের
ন্যাশনাল সার্ভিসে চাকরি দেওয়া ও পরে স্থায়ীকরণের প্রলোভন দেখিয়ে ৬০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে বরগুনার আমতলী উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের ঋণ পরিদর্শকের বিরুদ্ধে মামলা করেছেন একজন চাকরিপ্রার্থী। একই অভিযোগে আমতলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী।ঋণ পরিদর্শক (বর্তমানে পাথরঘাটায় কর্মরত) হারুন অর রশিদের বিরুদ্ধে আমতলী উপজেলা জ্যেষ্ঠ আমলি আদালতে গত সোমবার মামলা করেন উপজেলার মহিষডাঙ্গা গ্রামের রুহুল আমিন। আদালত বিষয়টি তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেন। মামলায় অভিযোগ করা হয়, হারুন অর রশিদ ন্যাশনাল সার্ভিসে চাকরি ও পরবর্তী সময়ে স্থায়ী করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। গত বছরের ৩০ ডিসেম্বর তিনি ৬০ হাজার টাকা দেন ও বাকি টাকা চাকরির পরে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু নিয়োগের চূড়ান্ত তালিকায় তাঁর নাম না আসায় ৬০ হাজার টাকা ফেরত চাইলে হারুন অর রশিদ টালবাহানা করতে থাকেন।অন্যদিকে ইউএনওর কাছে বেশ কয়েকজন লিখিত অভিযোগে জানিয়েছেন, ন্যাশনাল সার্ভিসে তাঁদের নাম অন্তর্ভুক্ত করার কথা বলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তাঁদের কাছ থেকে পাঁচ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেন। কিন্তু নিয়োগের তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত হয়নি, পরে টাকা ফেরত চেয়েও তাঁরা তা পাচ্ছেন না। অভিযোগ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, চাকরির জন্য আবেদন করেছিলেন দুই হাজার ৮৮২ জন। এর মধ্যে প্রথম ধাপে ৮০০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। যাঁরা নিয়োগ পাননি, তাঁদের কয়েকজন ক্ষুব্ধ হয়ে এমন অসত্য অভিযোগ করেছেন। এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।ইউএনও নাসির উদ দৌলা অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে।