ইউএনওর কাছে কৈফিয়ত দাবি করলেন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার বরাদ্দ করা গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের ১৫৮ টন গম ফেরত যাওয়ার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুল ইসলামের কাছে কৈফিয়ত চেয়েছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস চৌধুরী। গত রোববার তিনি ইউএনওর কাছে এক চিঠির মাধ্যমে এই কৈফিয়ত চান।উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে ঠাকুরগাঁও সদর উপজেলায় টিআর কর্মসূচির আওতায় ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর থেকে ১৫৮ দশমিক ৩২২ টন গম বরাদ্দ দেওয়া হয়। এর বিপরীতে ২৬টি স্কুল, ১৯টি মাদ্রাসা, ৮৬টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও সংস্কারে ১৩১টি প্রকল্প হাতে নেওয়া হয়। এসব প্রকল্প ৩০ জুনের মধ্যে বাস্তবায়ন করার কথা। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় গত ১৫ জুন বরাদ্দপত্র জেলা প্রশাসকের দপ্তরে পাঠায়। এরপর জেলা প্রশাসক ওই বরাদ্দপত্র সদর উপজেলা চেয়ারম্যানের কাছে পাঠান। বরাদ্দপত্রে প্রকল্প তালিকা তৈরি করে বরাদ্দ করা খাদ্যশস্য উত্তোলন করে ৩০ জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে বলা হয়। সেই চিঠি পেয়ে ১৬ জুন ট্যাগ অফিসারদের এক সভা ডাকা হয়। সভায় ট্যাগ অফিসাররা ইউপি নির্বাচনের দায়িত্ব পালন করবেন বলে তাঁদের পক্ষে ওই তালিকা তৈরি করা সম্ভব নয় বলে জানিয়ে দেন। পরে উপজেলা চেয়ারম্যান দুই ভাইস-চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে প্রকল্পের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠান। গত ২৬ জুন জেলা প্রশাসক ওই প্রকল্পগুলো অনুমোদন দিয়ে প্রকল্পের বিপরীতে বরাদ্দ দেওয়া খাদ্যশস্য উত্তোলনের বরাদ্দপত্র দিতে ইউএনওকে চিঠি দেন। কিন্তু গত ২৯ জুন প্রকল্পের বরাদ্দের বিপরীতে বরাদ্দপত্র নিতে গেলে ইউএনও তাঁদের জানিয়ে দেন, ‘বরাদ্দপত্র এখন দেওয়া যাবে না। মন্ত্রী মহোদয়ের নিষেধ রয়েছে।’ এরপর ইউএনও প্রকল্পের বিপরীতে গম উত্তোলনের বরাদ্দপত্র না দেওয়ায় ফেরত যায় ১৫৮ দশমিক ৩২২ টন গম। ফলে সদর উপজেলার ১৩১টি প্রতিষ্ঠান উন্নয়ন থেকে বঞ্চিত হয়। জেলা প্রশাসকের কাছ থেকে প্রকল্পের বিপরীতে বরাদ্দ দেওয়া খাদ্যশস্য উত্তোলনের বরাদ্দপত্র দেওয়ার অনুমতি পেয়েও ইউএনও কেন সংশ্লিষ্ট ব্যক্তিদের গম উত্তোলনের ক্ষমতাপত্র দেননি, তিন দিনের মধ্যে তার কৈফিয়ত চেয়ে চিঠি দিলেন উপজেলা চেয়ারম্যান। উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস চৌধুরী প্রথম আলোকে জানান, চিঠির জবাব সন্তোষজনক না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তিনি মন্তব্য করেননি। এ প্রসঙ্গে ইউএনও তৌহিদুল ইসলাম জানান, তিনি ছুটিতে আছেন। ফিরে এসে চিঠির বিষয়ে ব্যবস্থা নেবেন। তিনি আরও বলেন, উপজেলা চেয়ারম্যান একজন ইউএনওর কাছে কৈফিয়ত তলব করার এখতিয়ার রাখেন কি না সেটাও বিবেচনা করতে হবে।