ইউএনওর কাছে স্লুইসগেট খুলে দেওয়ার দাবি ২১৭ কৃষকের
রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালি ও কুমেদপুর ইউনিয়নের পানিতে নিমজ্জিত ৮০০ হেক্টরের বোরোখেত রক্ষার দাবিতে দুই শতাধিক কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন। গতকাল মঙ্গলবার কৃষকেরা ইউএনও কার্যালয়ে গিয়ে ওই আবেদন জমা দেন।
২১৭ জন কৃষক স্বাক্ষরিত ওই অভিযোগে বলা হয়, পীরগঞ্জ পৌরসভা থেকে এক কিলোমিটার দক্ষিণে আখিরা নদে পাউবোর নির্মিত ৯টি স্লুইসগেট বন্ধ করে দেওয়ায় খয়েরবাড়ি, হাসারপাড়া, মদনখালী, খেতাবেরপাড়া, বারুদহসহ আরও অনেক গ্রামের ৮০০ হেক্টর বোরোখেত নদের পানি উপচে তলিয়ে গেছে। এসব ক্ষতিগ্রস্ত কৃষক দ্রুত স্লুইসগেট খুলে দেওয়ার দাবি জানান।
তবে গত সোমবার রাতে রংপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহবুবার রহমান মুঠোফোনে বলেন, বড়বিল এলাকার কৃষকদের স্বার্থরক্ষার জন্যই আখিরা নদে ওই ৯টি স্লুইসগেট করা হয়েছে। গেট খুলে দিলে বিলের হাজার হাজার একর বোরোখেত পানিতে তলিয়ে যাবে। গেটের উজানের কৃষকেরা অবৈধভাবে নদে ও নদের ধারে বোরো লাগিয়েছেন। এখন তাঁদের অন্যায় দাবি পূরণ করা সম্ভব নয়।
এদিকে স্লুইসগেট বন্ধ থাকায় নদীর পানিতে বোরোখেত তলিয়ে যাওয়া নিয়ে গতকাল মঙ্গলবার প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে পীরগঞ্জ উপজেলার ইউএনও কমল কুমার ঘোষ বলেন, ‘কৃষকের আবেদন পেয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে গেট খুলে দিলে ভাটিতে থাকা বড়বিল এলাকার অনেক কৃষকের বোরোখেত তলিয়ে যাবে বলে তাঁরা আবার অভিযোগ করছেন। বিষয়টি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’