সুনামগঞ্জের শাল্লা উপজেলায় একটি মন্দিরের ব্যবহৃত জমি অন্যদের বন্দোবস্ত দেওয়ার প্রতিবাদে ইউএনওর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরে ‘কালীমাতা মন্দির রক্ষা কমিটি’র ব্যানারে ওই বিক্ষোভ হয়৷
মন্দির পরিচালনা কমিটির সভাপতি নরেশ চন্দ্র চৌধুরী জানান, উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও বাজারে কালীমাতা মন্দির এলাকায় ৪০ শতক জমি আছে। এর মধ্যে ৩৬ শতক খাস এবং বাকি চার শতক মন্দিরের নিজস্ব জমি।
নরেশ চন্দ্র অভিযোগ করেন, সম্প্রতি শাল্লা উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই সরকারি জমি কয়েকজনের নামে বন্দোবস্ত দেন। বিষয়টি জানতে পেরে এলাকার লোকজন ওই বন্দোবস্ত বাতিল করে জমি মন্দিরের নামে বন্দোবস্ত দেওয়ার দাবি জানান। একই দাবিতে গতকাল বিক্ষোভ করেন তাঁরা। এ ব্যাপারে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলতাব হোসেন বলেন, ‘বন্দোবস্ত হয়েছে নিয়মানুযায়ী। এখন স্থানীয় লোকজন বলছে, এটা মন্দিরের জমি। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’