মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রের ফলাফল জালিয়াতি করে পরাজিত চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী ঘোষণার অভিযোগ পাওয়া গেছে। ফলাফল জালিয়াতির প্রতিবাদে এবং ফলাফল বাতিলের দাবিতে গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও ও উপজেলা নির্বাচন কার্যালয় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এদিকে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও মুন্সী কাদিরপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক পংকজ কুমার সাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাসার মিয়া বলেন, ‘১ জুন অনুষ্ঠিত নির্বাচনে আমি আনারস মার্কা নিয়ে নয়টি ওয়ার্ড মিলে মোট ২৫২১ ভোট পাই। আমার প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান খোকন পেয়েছেন দুই হাজার ৪৬১ ভোট। কিন্তু ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব মৃজারচর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা পংকজ সাহা মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে ফলাফল শিটে জালিয়াতি করে আসাদুজ্জামান খোকনের প্রাপ্ত এক হাজার ৪০ ভোটের স্থলে এক হাজার ১৪০ ভোট লিখে রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করেন। এ কারণে আমাকে ৪০ ভোটের ব্যবধানে পরাজিত দেখানো হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান সামচুল আলম খান বলেন, ফলাফল শিটে যে শূন্যকে এক বানানো হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে। তবে এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় সূত্রগুলো জানায়, ঘোষিত ফলাফল বাতিল করে আবুল বাশার মিয়াকে জয়ী ঘোষণার দাবিতে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কয়েক হাজার লোক ইউএনও এবং উপজেলা নির্বাচন কার্যালয় ঘেরাও করে রাখে। এ সময় তারা ইট-পাটকেল ছুঁড়ে নির্বাচন কার্যালয়ের জানালার কাচ ভাঙচুর করে। পরে উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদারের সঠিক তদন্তের মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে বিক্ষুব্ধ লোকজন শান্ত হয়। পংকজ কুমার সাহা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ফলাফল শিটে আমি লিখিনি; সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হুমায়ন লিখেছেন।’ তবে হুমায়ন তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ফলাফল শিটে কোনো কাটাকাটি বা ঘষামাজা করিনি।’ রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তা পংকজ কুমার সাহা ওই কেন্দ্রের ফলাফল রাত সাড়ে ১২টার দিকে আমার কাছে জমা দেন। তাৎক্ষণিক কোনো অভিযোগ না পেয়ে আমি ফলাফল প্রকাশ করেছি।’মুন্সী কাদিরপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন বলেন, প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগে পংকজ কুমার সাহাকে বিদ্যালয় কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছে। ইউএনও বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, সত্যি কথা বলতে ইউপি নির্বাচনে দায়িত্ব পালনে প্রশাসনের কিছু গাফলতিও ছিল। তদন্ত করে দেখা হবে।