জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল মঙ্গলবার দুপুরে ইউএনওর কার্যালয়ে হাটবাজারের দরপত্র কিনতে আসা আওয়ামী লীগের এক নেতাকে মারধর করা হয়েছে। এ ঘটনায় যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড থেকে দুপুর থেকে ১৯ জেলায় সার পরিবহন বন্ধ হয়ে গেছে।
ইউএনওর কার্যালয় ও আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন হাটবাজারের দরপত্র ক্রয়ের শেষ দিন ছিল গতকাল। এদিন দরপত্র কিনতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তারাকান্দি ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইউএনওর কার্যালয়ে যান। সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের লোকজন রফিকুলকে দরপত্র কিনতে বাধা দেন। একপর্যায়ে তাঁরা ধাওয়া দিলে ইউএনওর কক্ষে আশ্রয় নেন রফিকুল। এ সময় ইউএনও ফ্লোরা বিলকিস জাহান কক্ষেই ছিলেন। সেখানে ঢুকে রশিদের লোকজন রফিকুলকে মারধর করেন। এ সময় তাঁর শার্ট ছিঁড়ে ফেলা হয়। এ খবর যমুনা সার কারখানা এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনার প্রতিবাদে কারখানা থেকে ১৯ জেলায় সার পরিবহন বন্ধ হয়ে যায়। তারাকান্দি-ঢাকা মহাসড়কে দুপুর থেকে সব ধরনের যানবাহন চলাচলও বন্ধ থাকে। দুপুরে ও সন্ধ্যায় যমুনা সার কারখানা এলাকায় ট্রাক ও পরিবহনশ্রমিকেরা বিক্ষোভ সমাবেশ করেন।
রফিকুল ইসলাম বলেন, ‘হারুন অর রশিদের লোকজন দরপত্র কিনতে আমাকে বাধা দেয় এবং মারধর করে।’
তবে হারুন অর রশিদ অভিযোগ অস্বীকার করে বলেন, রফিকুলকে যাঁরা মারধর করেছেন, তাঁরা দলের কেউ নন।