
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও সরকারি মিলনায়তন ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সরকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, আগামীকাল বুধবার অনুষ্ঠেয় নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মাহবুব জামান গত রোববার তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের নিয়ে বৈঠক করেন। এ সময় তিনি তাঁর পক্ষে জনপ্রতিনিধিদের কাছে ভোট প্রার্থনা করেন। এরপর তিনি তাঁদের ভূরিভোজ করান। পরে তিনি ইউপি চেয়ারম্যানদের নিয়ে তানোর ইউএনওর কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন।
অভিযোগে আরও বলা হয়েছে, সরকারি মিলনায়তন ও ইউএনওর কার্যালয় ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানোয় নির্বাচনী আচরণবিধির ৬-এর (খ) ধারা লঙ্ঘিত হয়েছে। এ ছাড়া ভোটারদের ভূরিভোজ করিয়ে মাহবুব জামান নির্বাচনী আচরণবিধির ১৭-এর (খ) ধারা লঙ্ঘন করেছেন। তাই তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
এ ব্যাপারে কথা বলতে মাহবুব জামানের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
জানতে চাইলে ইউএনও শওকাত আলী বলেন, ‘রোববার দুপুরে আমি কার্যালয়ে ছিলাম না। পরে আমি শুনেছি, মিলনায়তনে বৈঠক করা হয়েছে। তবে শৌচাগার ব্যবহার করতে তাঁরা আমার কার্যালয়ে এসেছিলেন।’
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন বলেন, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি অভিযোগটি জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।
গতকাল বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক বলেন, তিনি এখনো অভিযোগটি হাতে পাননি।