শেরপুরের শ্রীবরদীতে ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সুবিধাভোগীরা গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন।
এ ঘটনার পর উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নে চাল বিতরণ বন্ধ রাখা হয়েছে এবং ইউএনওর নির্দেশে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, শ্রীবরদীর খড়িয়াকাজিরচর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১ হাজার ১৯২ জনের নাম তালিকাভুক্ত করা হয়। তাঁদের মধ্যে লঙ্গরপাড়া, কাজিরচর, পোড়াগাঁও ও ভাটিলঙ্গরপাড়া গ্রামের ৫৯৬ জন আছেন। এসব গ্রামের ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহুরুল হক। কিন্তু এসব গ্রামের দুই শতাধিক হতদরিদ্র মানুষ ১০ টাকা কেজিতে চাল না পেয়ে গত রোববার ইউএনও অফিসে বিক্ষোভ করেছেন। তাঁদের অভিযোগ, তালিকাভুক্ত হওয়ার পরেও সংশ্লিষ্ট ডিলার তাঁদের চাল দিচ্ছেন না।
খড়িয়াকাজিরচর ইউনিয়নের লংগরপাড়া গ্রামের ওরাব আলীর ছেলে ইছাহাক আলী বলেন, ১০ টাকা কেজি চালের তালিকায় তাঁর নাম থাকা সত্ত্বেও তাঁকে চাল দেওয়া হয়নি। একই গ্রামের হাছেন আলীর ছেলে ফরিদ মিয়া বলেন, তালিকায় তাঁর নাম থাকলেও তাঁকে কার্ড দেওয়া হয়নি। ডিলার মো. জহুরুল হকের সঙ্গে যোগাযোগ করলে জহুরুল তাঁকে (ফরিদ) বলেন, ‘তোমার নামে কোনো কার্ড হয়নি।’
চাল ও কার্ড না দেওয়ার অভিযোগ অস্বীকার করে মো. জহুরুল হক গতকাল সোমবার সন্ধ্যায় প্রথম আলোকেবলেন, ‘আমি সঠিকভাবে চাল দিয়েছি, কোনো অনিয়ম করিনি।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আবদুল্লাহ ইবনে হুসাইন বলেন, ‘খড়িয়াকাজিরচর ইউনিয়নে অনিয়মের অভিযোগটি আমরা তদন্ত করে দেখছি। আশা করছি দুই-তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে পারব। তখন সঠিক চিত্র বের হয়ে আসবে।’
শ্রীবরদীর ইউএনও খালেদা নাসরিন প্রথম আলোকেবলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কেউ অনিয়ম করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ডিলারশিপ বাতিল করা হবে। সাময়িকভাবে ওই ইউনিয়নে চাল বিতরণ বন্ধ রাখা হয়েছে।