ইউএনওর কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের বকশীগঞ্জের গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চবিদ্যালয় দখলের প্রতিবাদে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করে শিক্ষার্থীরা l প্রথম আলো
জামালপুরের বকশীগঞ্জের গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চবিদ্যালয় দখলের প্রতিবাদে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করে শিক্ষার্থীরা l প্রথম আলো

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চবিদ্যালয় দখল ও বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঢুকতে না দেওয়ার প্রতিবাদে গতকাল রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘট পালন করেছে শিক্ষার্থীরা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস পারভীন ও বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান ওই বিদ্যালয়ে যান। পরে ইউএনও সমস্যা সমাধানের আশ্বাস ও আগামীকাল থেকে ক্লাস করার নিশ্চয়তা দিলে শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে গোপালপুর গ্রামের আমিনুল ইসলাম শতাধিক লোক নিয়ে বিদ্যালয়ে ভাঙচুর ও মাঠসহ বিদ্যালয় দখল করে নেন। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক বাদী হয়ে গত শুক্রবার রাতে আমিনুল ইসলামসহ ২২ জনের নামে একটি মামলা করেন। বিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলায় গতকাল জামালপুরের আদালতে হাজিরা দিতে গেলে আদালত আমিনুল ইসলামসহ পাঁচজনকে জেলহাজতে পাঠান।
এদিকে তিন দিন অতিবাহিত হলেও এখনো শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে পারেনি। দ্রুত সমস্যা সমাধান করে বিদ্যালয়ে ফেরার দাবিতে গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে শতাধিক শিক্ষার্থী অবস্থান ধর্মঘট পালন করে।
গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক বলেন, নির্বাহী কর্মকর্তা সরেজমিনে গিয়ে আগামীকাল (আজ সোমবার) থেকে শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। ইউএনও নার্গিস পারভীন বলেন, ‘বিদ্যালয়ে গিয়ে উভয় পক্ষের কথা শুনেছি। জমি নিয়ে যে সমস্যা, তা আমরা বসে সমাধান করে দেব। আগামীকাল (আজ) থেকে শিক্ষার্থীদের ক্লাস করার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা কার্যক্রমে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’