ইউএনওর ক্ষমতা কমানোর দাবি প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ক্ষমতায়নে জারি করা অফিস স্মারক সংশোধন, অষ্টম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের দাবি জানিয়েছে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি। এ দাবি আদায়ের লক্ষ্যে ২৪ অক্টোবর সমাবেশ করার ঘোষণা দিয়েছে কমিটি।
প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক এবং বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৬টি ক্যাডার নিয়ে গঠিত প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই সমাবেশ কর্মসূচির ঘোষণা করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান। তিনি জানান, ২৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ১০টায় ওই সমাবেশ অনুষ্ঠিত হবে।
প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির সদস্যসচিব ফিরোজ খান অনুষ্ঠানে লিখিত বক্তব্য পড়েন। বক্তব্যে তিনি বলেন, জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের পুনর্বহাল এবং উপজেলা পর্যায়ে ১৭টি সার্ভিসের সেলফ ড্রয়িং কর্মকর্তাদের বেতন-ভাতা ও অন্যান্য বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর ও অযাচিত নিয়ন্ত্রণের সিদ্ধান্ত বাস্তবায়ন না করার জন্য সরকারকে অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু তাতে সাড়া না দিয়ে গত ১৪ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ উপজেলা পরিষদের ক্ষমতায়নের নামে একটি স্মারক জারি করে। এই স্মারকের কারণে জনপ্রশাসনসহ জাতীয় উন্নয়নে বিরূপ প্রভাব পড়বে এবং ২০২১ সালে বাংলাদেশের মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে ওই বক্তব্যে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে ফিরোজ খান বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার জারি করা স্মারক সংশোধন করে ইউএনওসহ তাঁদের ওপর ন্যস্তকৃত সব দপ্তরের কর্মকর্তাদের জনপ্রতিনিধি হিসেবে উপজেলা চেয়ারম্যানের নিকট জবাবদিহির ব্যবস্থা চালু করার দাবি জানাচ্ছি।’
এ ছাড়া সংবাদ সম্মেলনে বলা হয়, জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড বন্ধ করায় বিসিএস শিক্ষা ক্যাডারে পদ অবনমন করা হয়েছে। সব বিবেচনায় জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের দাবি করা করা হয়।
পরে সংবাদ সম্মেলনে কয়েকজন বক্তব্য দেন। একজন বক্তা বলেন, প্রধানমন্ত্রী প্রশাসন ক্যাডার দ্বারা পরিবেষ্টিত হওয়ায় দেশের কোনো খবর তাঁর কাছে পৌঁছানো যায় না। বর্তমান প্রশাসনযন্ত্রকে ঔপনিবেশিক আমলের বলেও কটাক্ষ করেন তিনি।
আরেক বক্তা বলেন, প্রশাসনকে গতিশীল করতে নয়, ইউএনওর খবরদারি করার জন্য অফিস স্মারকটি জারি করা হয়েছে। অবিলম্বে তিনি ওই স্মারক সংশোধনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক আবদুস সবুর, কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব মোবারক আলীসহ প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদেরা উপস্থিত ছিলেন।