কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন শেষে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা, ইউএনওর গাড়িতে হামলা এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের মারধরের ঘটনায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনের নামে মামলা হয়েছে। গত রোববার গভীর রাতে সদর দক্ষিণ মডেল থানায় লাকসাম থানার উপপরিদর্শক সুখেন্দ্র বসু মামলাটি করেন। এরই মধ্যে মামলার ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক বলেন, সরকারি কাজে বাধা দেওয়ায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এতে ইউপি চেয়ারম্যান হিসেবে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী পরাজিত প্রার্থী খোরশেদ আলম ওরফে খোকাকেও আসামি করা হয়। মামলার ৩১ জন আসামির মধ্যে এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।উপনির্বাচনে বিএনপি-সমর্থিত তালা প্রতীকের প্রার্থী আবদুর রব জিলানী বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন দুই হাজার ৭৩৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী খোরশেদ আলম পেয়েছেন দুই হাজার ৫৭৭ ভোট।