ইউএনওর গাড়ির চাপায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির চাপায় এক শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। গতকাল রোববার উপজেলার শালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গত শনিবার লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষিকাসহ দুজন নিহত হন।গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নীলফামারী-ডোমার সড়কের শালমারা এলাকা দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি লাল রঙের জিপ ডোমার উপজেলার শালমারা গ্রামের তুলেশ চন্দ্র রায়ের ছেলে অপূর্ব চন্দ্র রায়কে (৫) ধাক্কা দেয়। এলাকাবাসী ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ বিষয়ে ইউএনও শফিউর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কফিল উদ্দিন বলেন, ‘ডোমারের ইউএনওর গাড়ি দিয়েই দুর্ঘটনাটি ঘটেছে।’লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ী বাজার এলাকায় শনিবার বিকেলে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের যাত্রী কালীগঞ্জ উপজেলার বান্দেরকুড়া এলাকার আলীম উদ্দিনের স্ত্রী নাজনীন (৩২) ও একই এলাকার জাহানারা বেগম (২০) নিহত হন। এ ঘটনায় মামলা হয়েছে। বাসটি আটক করা হয়েছে।