ইউএনওর গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, আহত ১
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির ধাক্কায় ছলিম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় মেজার উদ্দিন (৬০) নামের আরেক বৃদ্ধ গুরুতর আহত হন। গত সোমবার উপজেলার ভজনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ছলিম উদ্দিন উপজেলার ভজনপুর ইউনিয়নের গিতালগছ গ্রামের বাসিন্দা। মেজার উদ্দিনও একই এলাকার বাসিন্দা।
এলাকার কয়েকজন বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে ছলিম উদ্দিন ও মেজার উদ্দিন বয়স্ক ভাতার টাকা উত্তোলনের জন্য বাড়ি থেকে অটোরিকশায় করে ভজনপুর যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ইউএনওর গাড়িটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ওই দুই বৃদ্ধ গুরুতর আহত হন।
পরে ইউএনওর গাড়িতে করেই তাঁদের প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্ধ্যায় সেখানে ছলিমউদ্দিনের মৃত্যু হয়। আহত মেজার উদ্দিনের অবস্থাও আশঙ্কাজনক।
ভজনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. মকছেদ আলী ইউএনওর গাড়ির ধাক্কায় বৃদ্ধ ছলিম উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও শেখ মো. বেলায়েত হোসেন দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, ‘উল্টো পথে অটোরিকশাটি রাস্তা অতিক্রম করছিল। এ সময় তাঁর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। তিনি নিজেই আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যান।