ইউএনওর চেষ্টায় বন্ধ হলো বাল্যবিবাহ

নাটোরে নবম শ্রেণির এক ছাত্রীকে লুকিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তার স্বজনেরা। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তৎপরতায় আটকে গেছে বাল্যবিবাহটি। গতকাল শুক্রবার নাটোর সদর উপজেলায় বাল্যবিবাহ বন্ধের এই ঘটনা ঘটে।
ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলার নবম শ্রেণির এক ছাত্রীকে বাগাতিপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে নিয়ে লুকিয়ে বিয়ে দেওয়ার আয়োজন করে তার স্বজনেরা। গোপন সূত্রে খবর পেয়ে ইউএনও নাসরিন বানু রাতেই ওই বাড়িতে অভিযান চালান। অভিযানের খবর পেয়ে বর-কনেসহ বাড়ির সবাই পালিয়ে যান। পরে গ্রাম পুলিশ দিয়ে বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বাল্যবিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দেন। কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না বলেও সতর্ক করে দেওয়া হয় তাঁকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও নাসরিন বানু প্রথম আলোকে বলেন, বাল্যবিবাহের ব্যাপারে কোনো শিথিলতা দেখানো হবে না।