ইউএনওর জামিন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজের শিক্ষকের দায়ের করা মানহানি মামলায় জামিন পেয়েছেন ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশ্রাফুল ইসলাম। গতকাল বুধবার আশ্রাফুর ইসলাম পিরোজপুরের জ্যেষ্ঠ বিচারিক আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।

তবে মানহানি মামলার অপর আসামি বরিশালের অতিরিক্ত জেলা হাকিম এম মনির হোসাইন আদালতে হাজির হননি। ৩ মে বিচারক মো. সাইফুজ্জামান ওই দুই কর্মকর্তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৯ এপ্রিল ভান্ডারিয়া সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে যান ভান্ডারিয়ার তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফুল ইসলাম। সেখানে একটি কক্ষে এক বেঞ্চে দুজন পরীক্ষার্থী পাশাপাশি বসে পরীক্ষা দিচ্ছিল। আশ্রাফুল কক্ষ পরিদর্শক ভান্ডারিয়া সরকারি কলেজের শিক্ষক মোনতাজ উদ্দিনকে ওই দুই পরীক্ষার্থীর আসন পরিবর্তন করে দিতে বলেন। মোনতাজ বিষয়টি বিধিসম্মত নয় বলে জানান। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে সেখানে যান তৎকালীন ইউএনও এম মনির হোসাইন। তিনি শিক্ষক মোনতাজ উদ্দিনকে ভ্রাম্যমাণ আদালতে বিচারের হুমকি দিয়ে আশ্রাফুর ইসলামের পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করেন। পা ধরে ক্ষমা চাওয়ার দৃশ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

এ ঘটনায় ৮ জুন মামলা হয়।