ইউএনওর নির্দেশে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় তাঁকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনের দুই নম্বর প্লাটফর্মে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনেক যাত্রীর ভিড় ছিল। একই প্লাটফর্মে দাঁড়ানো ছিল চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন। এ সময় একটি হইচইয়ের শব্দ কৌতূহলী করে তোলে উপস্থিত লোকজনকে। এক নারীকে কয়েকজন বিডিআর জওয়ান টেনে-হিঁচড়ে নিয়ে এসে প্লাটফর্মের একটি খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বাঁধেন। তবে এই নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমদ। তিনি তখন চোরাই পণ্য উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন।ওই নারীর নাম মিনা বেগম (৪২)। চোরাই পণ্য রাখার অভিযোগে বিডিআর জওয়ানেরা তাঁকে এভাবে আটকে রাখেন। অভিযোগ অস্বীকার করে মিনা বেগম প্রথম আলোকে বলেন, তিনি ভৈরবে থাকেন। প্রায় ১০ বছর আগে তাঁর স্বামী তাঁকে ও প্রতিবন্ধী মেয়েকে ফেলে চলে যায়। আগে তিনি গৃহকর্মীর কাজ করতেন। এতে প্রতিবন্ধী মেয়ের দেখাশোনার অসুবিধা হতো। এ জন্য প্রতিবেশীদের পরামর্শে কুমিল্লা থেকে কিশমিশ এনে তিনি ভৈরবে বিক্রি করেন। এতে মেয়েটিকেও সঙ্গে রাখতে পারেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বিকেল পাঁচটায় কর্ণফুলী এক্সপ্রেস আখাউড়ায় আসে। ওই ট্রেনে চোরাই মাল রয়েছে বলে খবর পেয়ে ইউএনওর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে বিডিআরের পাশাপাশি রেলওয়ে পুলিশ (জিআরপি) সহায়তা করে। এ সময় ট্রেনের কয়েকটি কামরা থেকে ভারতীয় জিরা, কিশমিশ ও গুঁড়ো দুধ উদ্ধার করা হয়।বিডিআর আখাউড়া কোম্পানি সদর দপ্তরের অধিনায়ক সুবেদার মো. শরিফুজ্জামান বলেন, অভিযানে ১৪ বস্তা জিরা, কিশমিশসহ কিছু ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। মিনা বেগমকে বেঁধে রাখা প্রসঙ্গে তিনি বলেন, এই নারী ট্রেনের এক যাত্রীর ব্যাগ চুরি করেছে। তবে মিনা এ অভিযোগ অস্বীকার করেন।প্র্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় এক ঘণ্টা মিনা বেগমকে প্লাটফর্মের পিলারে বেঁধে রাখার দৃশ্য দেখে যাত্রী ও স্থানীয় লোকজন তাঁকে পাশের রেলওয়ে পুলিশ চৌকিতে নিয়ে যাওয়ার অনুরোধ জানান।প্রত্যক্ষদর্শী ভৈরবের ব্যবসায়ী শফিকুল আলম (৩৮) বলেন, ‘এ কাজ মানবতাবিরোধী। প্রশাসনের লোকজনের কাছে এমন আচরণ অপ্রত্যাশিত। নারী অপরাধী হলে তাকে থানায় নিয়ে আটকে রাখা হোক। এভাবে প্রকাশ্যে বেঁধে রাখার কী প্রয়োজন?’অভিযানে নেতৃত্বদানকারী ইউএনও মো. ফারুক আহমদ প্রথম আলোকে বলেন, ‘এই নারীর বিরুদ্ধে ব্যাগ চুরি আর চোরাচালানের অভিযোগ আছে। তাই তাঁকে ধরে এনে পিলারে বাঁধা হয়েছে। এভাবে প্রকাশ্যে বেঁধে রাখার বিষয়ে তিনি বলেন, ‘পালিয়ে গেলে আপনারাই তো বলবেন, আমাদের হাত থেকে পালিয়েছে।’আখাউড়া রেলওয়ে থানার দায়িত্বে থাকা কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জুলহাস উদ্দিন রাত সাড়ে আটটায় প্রথম আলোকে বলেন, ইউএনওর নির্দেশে এই নারীকে থানায় আটকে রাখা হয়েছে। অভিযোগ দেওয়া হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।