ইউএনওর নির্দেশে বন্ধ চালু করলেন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারীতে বিচিত্রা অনুষ্ঠানের নামে অশ্লীল নৃত্য, মদ-জুয়ার আসর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বন্ধ করে দেওয়ার এক দিন পর সাংসদের নির্দেশে আবার চালু করা হয়েছে।ইউএনও আবদুল হান্নান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের অদূরে লক্ষ্মী সিনেমা হলে সিনেমা প্রদর্শন বন্ধ রয়েছে অনেক দিন থেকে। হল কর্তৃপক্ষ প্রশাসনের অনুমতি না নিয়ে ৫ মার্চ থেকে সেখানে মঞ্চ করে বিচিত্রা অনুষ্ঠানের নামে অশ্লীল নৃত্য প্রদর্শন করছে। সঙ্গে চলছে জুয়ার আসর। প্রথম থেকেই পুলিশকে এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।১৪ মার্চ এলাকাবাসী অশ্লীল নৃত্য, মদ ও জুয়ার আসর বন্ধের দাবিতে শহরে বিক্ষোভ করে। ইউএনও শনিবার সন্ধ্যায় পুলিশ নিয়ে সিনেমা হলে অভিযান চালিয়ে এসব বন্ধ করে দেন। এ সময় আয়োজকেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।অভিযোগ উঠেছে, গত শনিবার স্থানীয় সাংসদ জাকির হোসেন ঢাকা থেকে রৌমারীতে আসার পর সিনেমা হলে অনুষ্ঠান চালিয়ে যেতে আয়োজকদের নির্দেশ দেন। এই নির্দেশ পেয়ে ওই দিন রাত থেকে আবারও শুরু হয় অনুষ্ঠান।এ প্রসঙ্গে সরকারদলীয় সাংসদ জাকির হোসেন বলেন, ‘দলের ছেলেরা দু-এক দিন গান চালাবে, আনন্দফুর্তি করবে। তাই আমি বলেছি কয়েক দিন গান চালিয়ে বন্ধ করে দেওয়ার জন্য।’এলাকাবাসীর অভিযোগ, সিনেমা হলে প্রতিদিন অশ্লীল নৃত্যের পাশাপাশি মাদক ও জুয়ার আসর বসে। এসব আসরে স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও উঠতি বয়সের তরুণেরা যোগ দেয়।অভিযোগ অস্বীকার করে হলের মালিক আবদুল জলিল বলেন, এটা একটা বিচিত্রা অনুষ্ঠান। এখানে শুধু মেয়েরা গান পরিবেশন করে।রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এসব গানবাজনার সঙ্গে সরকারি দলের লোকজন জড়িত। এরা এমপি সাহেবের লোক। তাই আমরা কিছু করতে পারছি না।’ইউএনও সিনেমা হলে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বসার কথা নিশ্চিত করে বলেন, ‘আমি বন্ধ করে দিয়েছিলাম। একজন আবার তা চালানোর নির্দেশ দিয়েছেন বলে জানতে পেরেছি।’