ইউএনওর পক্ষে-বিপক্ষে কর্মসূচি

মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উজ জামানের অপসারণের দাবিতে গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। একই দিন ইউএনও এবং প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন প্রধান শিক্ষকের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের অশালীন আচরণের প্রতিবাদে মানববন্ধন করেন শিক্ষকেরা।
পূর্বনির্ধারিত কর্মসূচি হিসেবে বিকেলে গাংনী বাসস্ট্যান্ডে সমাবেশ ও শহরে ঝাড়ু মিছিল করেন উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বিকেল পাঁচটার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা গাংনী বাসস্ট্যান্ডে জড়ো হন। সেখানে তাঁদের ইউএনওর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তাঁরা শহরে মিছিল বের করেন। মিছিলে একটি প্রতীকী ঝাড়ু প্রদর্শন করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি উপজেলা পরিষদের সামনে দিয়ে যাওয়ার সময় এর প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। সেখানে কয়েকজন পুলিশ সদস্য অবস্থান নেন। পরে মিছিলকারীরা বাসস্ট্যান্ডে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেন। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান সভাপতিত্ব করেন। তিনি বলেন, ‘আমার পিতা রাজাকার ছিলেন না, মুসলিম লীগের সদস্য ছিলেন। আমি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হই।’ চলমান আন্দোলন এক সপ্তাহ স্থগিত করে ইউএনও অপসারণ না হলে রাজপথে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন তিনি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক বলেন, ‘৫৩টি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী নিয়োগ, এডিবি, টিআর ও উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে কাজের নামে দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়ছি। তবে চলমান এসএসসি পরীক্ষা এবং প্রশাসনের কয়েকটি দপ্তরের কর্মকর্তারা আমাদের কথা দিয়েছেন ইউএনওর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ কারণে আমরা কয়েক দিন অপেক্ষা করতে চাই। কয়েক দিনের মধ্যে ব্যবস্থা না নিলে আবারও রাজপথে আন্দোলন শুরু হবে।’ ইউএনওর পক্ষে কেউ কোনো কর্মসূচি দিলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি।
তবে গাংনীর ইউএনও আরিফ উজ জামান ও প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন প্রধান শিক্ষকের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের অশালীন আচরণের প্রতিবাদে গতকাল বিকেলেই মানববন্ধন করেছেন উপজেলার শিক্ষকেরা।
উপজেলা পরিষদের সামনের সড়কে শিক্ষক সমিতি ও সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের এই কর্মসূচিতে শতাধিক শিক্ষক ও সরকারি কর্মচারী ব্যানার হাতে দাঁড়িয়ে ছিলেন।
মানববন্ধনে জেলা কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি নকীম উদ্দীন সভাপতিত্ব করেন।
প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী নিয়োগ নিয়ে গত ২৯ জানুয়ারি ইউএনও আরিফ উজ জামানের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বাগ্বিতণ্ডা হয়। এরপর থেকে গাংনীতে পাল্টাপাল্টি কর্মসূচি চলছে।