ইউএনওর পা ধরে মামলা নেওয়ার আকুতি
‘বাবা, তাইন আমার কেইছ (মামলা) নেইন না। কেইছর কোনো কাগজও দেইন না। খালি ঘুরাইরা। বাবারে আফনে (আপনি) তানরে কউকা (ওসিকে দেখিয়ে) আমার কেইছটা নেওয়ার লাগি।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলাকালে আকস্মিকভাবে সভাকক্ষে ঢুকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পায়ে ধরে কাঁদতে কাঁদতে অপহূত মেয়েকে উদ্ধারে এভাবেই আকুতি জানান উপজেলার মনরটোক গ্রামের এক নারী। লিখিত অভিযোগ ও ওই নারীর ভাষ্য অনুযায়ী, তাঁর দশম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে গত শনিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে প্রতিবেশী লুলু মিয়ার ছেলে নাজির মিয়া অপহরণ করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাজিরসহ চারজনের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ থানায় গত বুধবার লিখিত অভিযোগ করেন তিনি। কিন্তু দুই দিন পার হলেও অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়নি। ওই নারীর দাবি, অভিযুক্ত ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় মামলাটি নথিভুক্ত করা হচ্ছে না। ইউএনও মুহামঞ্চদ লুৎফর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা কমিটির সভা চলাকালে হঠাৎ ঢুকে ওই নারী অভিযোগ করেন, পুলিশ তাঁর মামলা নিচ্ছে না। তাৎক্ষণিক সভায় উপস্থিত ওসিকে তদন্ত করে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে বলেছি। ’ ফেঞ্চুগঞ্জ থানার ওসি মুহামঞ্চদ সহিদুর রহমান বলেন, অভিযোগটি পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত নাজির পলাতক। শিগগিরই মামলা নথিভুক্ত করা হবে।