ইউএনওর প্রত্যাহার দাবিতে বিক্ষোভ সমাবেশ অব্যাহত
দুর্নীতি, অনিয়ম ও দুর্ব্যবহারসহ নানা অভিযোগে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত পালের প্রত্যাহার দাবিতে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য ও তাঁদের কর্মী-সমর্থকেরা গতকাল রোববার ওই কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শী অনেকে জানান, ইউএনওর কার্যালয় অবরোধ করে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মিছিল-সমাবেশ করা হয়। এ সময় উপজেলা পরিষদ চত্বরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। পুলিশ প্রথমে কর্মসূচি পালনে বাধা দিলে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ সরে গেলে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন। কর্মসূচি চলাকালে ইউএনওর কার্যালয়ের মূল দুটি ফটক তালাবদ্ধ করে রাখা হয়।
সমাবেশে কয়েকজন ইউপি চেয়ারম্যান ইউএনওর অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
সমাবেশে অংশ নেওয়া ইউপি চেয়ারম্যানরা হলেন লতিবাবাদের আবদুর রাজ্জাক, রশিদাবাদের সিরাজ মিয়া, মহিনন্দের নুরুল হুদা, বিন্নাটির শফিকুল ইসলাম, মারিয়ার সালাউদ্দিন আহমেদ, চৌদ্দশতের আবদুল করিম ও বৌলাইয়ের তোফাজ্জল হোসেন।
তবে ইউএনও সুব্রত পাল তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।